মানিকগঞ্জের সদর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার (৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন।
আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের মো. আবুল মণ্ডলের ছেলে মো. আক্তার মণ্ডল ও কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পানটি গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. মিলন হোসেন।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় গতকাল রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৪, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল। এ সময় মানিকগঞ্জ পৌরসভার সেওতা গ্রাম এলাকায় বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সামনে ফাঁকা জায়গা হতে দুই মাদক কারবারিকে ৯ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৫৫৫ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
আরিফ আরও জানান, আক্তার ও মিলন চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানাসহ আশপাশ এলাকায় তা বিক্রয় করে আসছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।